গুলশানে স্মার্ট ডাস্টবিন উদ্বোধন

৩ জুন, ২০২৪ ১৪:৩৬  

ময়লা ভরলেই সতর্ক করবে ডিএনসিসি’র স্মার্ট ডাস্টবিন

একের পর এক প্রযুক্তি নির্ভর সেবা চালু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মুঠোফোনে পার্কিং সুবিধা দেয়ার পর সোমবার গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সামনে স্থাপন করা হলো স্মার্ট ডাস্টবিন। আইওটি নির্ভর এই আবর্জনা সংরক্ষণের বিনটি কেউ খুললে বা ভরে গেলেই এলার্ম দিয়ে এ বিষয়ে সতর্ক করবে।

বীর মুক্তিযোদ্ধা ও শিশুদের নিয়ে সোমবার (০৩ মে ২০২৪) ডিএনসিসি এলাকায় ১০০টি স্মার্ট ডাস্টবিন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। এসময় মেয়র বলেন, 'শহরকে, দেশকে ভালোবাসলে কেউ যেখানে সেখানে ময়লা ফেলতে পারে না। সবাই শুধু নিজেকে নিয়ে চিন্তা করছে, দখল দূষণ করছে। আমরা খাল থেকে বর্জ্য সংগ্রহ করে প্রদর্শনী করেছি। জানাতে চেয়েছি মানুষ নির্বিচারে কি ধরবের বর্জ্য ফেলছে। লেপ, তোশক, চেয়ার, টেবিল, কমোডসহ এমন কিছু নেই খালে ও ড্রেনে পাওয়া যাচ্ছে না। সবাইকে আহবান করছি দয়া করে কেউ খালে, ড্রেনে ময়লা ফেলবেন না। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন।'

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, 'স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দীর্ঘদিন ধরে আমার সাথে পরিচ্ছন্ন শহর গড়ায় কাজ করছে। মিরপুর প্যারিস খাল, মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কারে অংশ নিয়েছে। জানতে পেরেছি বিডি ক্লিন ৮ বছর শেষে ৫৮টি জেলা টিম আর ১৫৭ টি উপজেলা টিমের সাথে সক্রিয়ভাবে কাজ করছে ৪৬০০০ এর অধিক সক্রিয় সদস্য। পরিচ্ছন্ন কার্যক্রম করে এতো বড় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে আর নেই। বিডি ক্লিন দেশকে ভালোবেসে, শহরকে ভালোবেসে পরিচ্ছন্ন কার্যক্রম করে যাচ্ছে।'